গুম-খুনে জড়িতদের বিচার হবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যেভাবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে, ২০১৩ সালে যাঁরা গুম-খুন করেছেন তাঁরাও একইভাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন। ভবিষ্যতে তাঁদের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার করা হবে।
আজ রোববার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ছাত্রদলের ‘গুম’ হওয়া দুই নেতাকে ফিরে পাওয়ার দাবিতে ওই সভার আয়োজন করে সবুজবাগ থানা শাখা ছাত্রদল। ওই শাখার সভাপতি মাহবুব হাসান এবং ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কাজী ফরহাদ হোসেন গত বছরের ৭ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবার ও ছাত্রদলের দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের আটক করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, তাঁদের চলমান আন্দোলনে বিজয় অবশ্যই আসবে। বিজয়ের পর যাঁরা গুম-খুনে জড়িত তাঁদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করা হবে। নেতা-কর্মীদের শোককে শক্তিকে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে নেমে পড়তে হবে। অবৈধ সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে।’
মির্জা ফখরুল দাবি করেন, শুধু ঢাকা মহানগর থেকে ছাত্রদলের ২৮ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। আর সারা দেশে ৬৫ জনকে গুম এবং ৩১০ জনকে খুন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ছাত্রদলের নিখোঁজ নেতা মাহবুব হাসানের স্ত্রী তানজিলা আক্তার। তিনি তাঁর স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
অন্যদের মধ্যে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, সবুজবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।