কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ রোববার। গুরুত্বপূর্ণ ৩৩টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৫০টি। ভোটারসংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৮০১ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগ-সমর্থিত রিয়াজুল আলম মোটরসাইকেল, বিএনপি-সমর্থিত মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী আনারস ও জামায়াত-সমর্থিত ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ ভুঁইয়া বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করবে। তা ছাড়াও প্রতি ভোটকেন্দ্রে আটজন পুলিশসহ আনসার ও গ্রাম-পুলিশের ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি তিনটি কেন্দ্র নিয়ে থাকবে পুলিশের বিশেষ একটি দল। আইনশৃঙ্খলার বিষয়টি তত্ত্বাবধান করবেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ‘আমরা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে চাই। গুরুত্বপূর্ণ সব কেন্দ্রে নিরাপত্তাবলয় তৈরি করা হবে।’
বিএনপির সংবাদ সম্মেলন: জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে একজন সাংসদ ১৮টি ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির পরিকল্পনা করছেন। তাই এসব অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েনের দাবি জানাচ্ছি।’
গতকাল শনিবার কক্সবাজার শহরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী।
শাহজাহান চৌধুরী জানান, ভোটের দিন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ভোট কারচুপি কিংবা ভোটকেন্দ্র দখল করলে রামু থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করবে বিএনপি।