গুরুদাসপুরে কমিটি গঠন নিয়ে তৃণমূল বিএনপিতে ক্ষোভ
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও তৃণমূল বিএনপিতে একতরফাভাবে আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার মশিন্দা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে মশিন্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বঞ্চিত নেতারা ওই অভিযোগ করেন।
মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজের নেতৃত্বে ১৩ নভেম্বর দল গোছানো শুরু হয়। কিন্তু তিনি, যুগ্ম আহ্বায়ক ওমর আলী শেখ ও আবু হেনা তাঁদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করেছেন। চলতি বছরের উপজেলা নির্বাচনে প্রার্থী আবদুল আজিজের পক্ষের ব্যক্তিরাই শুধু কমিটিতে স্থান পেয়েছেন বলে বঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন।
তাঁরা আরও বলেন, জেলায় বসে নেতারা গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এ কমিটিতে দলের জনপ্রিয় এবং এলাকায় প্রভাবশালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আয়নাল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি বিশিষ্ট ও ব্যবসায়ী সিদ্দিকুর রহমান শাহর মতো নেতাদের কমিটিতে রাখা হয়নি।
অভিযোগ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, গত উপজেলা নির্বাচনে দলের পক্ষে যাঁরা মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন, কেবল তাঁদেরই কমিটিতে রেখে মূল্যায়ন করা হয়েছে। অর্থের বিনিময়ে ঘরে বসে কোনো পকেট কমিটি গঠন করা হয়নি।
সমাবেশে আরও বক্তব্য দেন মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবদুল মান্নান, হাবিবুর রহমান, যুবদল সভাপতি মো. শরীফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম।