গুরুদাসপুরে প্রার্থী বাছাই নিয়ে আ.লীগের সভায় উত্তেজনা
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইকে ঘিরে আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়ন-প্রত্যাশী মোজাম্মেল হোসেন ও রবিউল করিমের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত রোববার বিকেলে বিয়াঘাট ইউপি চত্বরে উপজেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, মনোনয়ন-প্রত্যাশী মোজাম্মেল হোসেন, রবিউল করিম বাবু, সামছুল ইসলাম, মিজানুর রহমান, হোসনে আরা বেগম প্রমুখ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বর্ধিত সভার শেষ মুহূর্তে ওই দুই মনোনয়ন-প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের নেতার কাছে তাৎক্ষণিকভাবে প্রার্থীর নাম ঘোষণার দাবি জানান। নেতারা আজ মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে প্রার্থী বাছাই-প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেন। কিন্তু রবিউল করিম এ সিদ্ধান্ত মেনে নিলেও নির্ধারিত ৬৫ ডেলিগেটের সঙ্গে আরও কিছু সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু এ দাবিতে মনোনয়ন-প্রত্যাশী মোজাম্মেল হোসেন ও তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা হট্টগোলে জড়িয়ে পড়েন।
রবিউল করিম অভিযোগ করেন, ৬৫ সদস্যের পুরোনো ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি তিন বছর আগে একতরফাভাবে গঠন করা হয়েছিল। এ কমিটির সদস্যদের নিয়ে ভোটাভুটি করা হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। এ কমিটির ভারসাম্য রক্ষার জন্য আরও কিছু সদস্য অন্তর্ভুক্ত করা দরকার। এ দাবি করায় মোজাম্মেল হোসেন ও জেলা আওয়ামী লীগের কতিপয় নেতা এবং তাঁদের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মোজাম্মেল হোসেনের সমর্থকেরা তাঁর কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আবদুল কাদের নামে তাঁর এক কর্মীও আহত হন। এ সময় তাঁর নির্বাচনী প্রচারণার বেশ কিছু ব্যানার-ফেস্টুনও ভেঙে ফেলা হয়।
পাল্টা অভিযোগ করে মোজাম্মেল বলেন, তাঁর কর্মী-সমর্থকেরা কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত নন। উপরন্তু রবিউল করিমের সমর্থকেরাই তাঁর কর্মীদের ধাওয়া করে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী বলেন, বড় দলে কিছু সমস্যা হতেই পারে। সবকিছু মোকাবিলা করে ভোটাভুটির মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হবে। তবে একতরফাভাবে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, রোববার সন্ধ্যার পর থেকেই সভায় হট্টগোল হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাত ১১টা পর্যন্ত সেখানে পুলিশ ছিল। গতকাল সোমবার দুই নেতার আধিপত্য বিস্তার-চেষ্টায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।