গুরুদাসপুরে মেয়র প্রার্থীর প্রচারণায় সাংসদের মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলীর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন সরকারদলীয় স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের মেয়ে ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কোহেলী কুদ্দুস। গতকাল বৃহস্পতিবার শহরে পৌর যুব মহিলা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালান।
পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী আক্তারের আহ্বানে গতকাল বিকেলে শহরের চাঁচকৈড় বাজারের ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ চত্বরে পৌর যুব মহিলা লীগের ওই বর্ধিত সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় কোহেলী কুদ্দুস বলেন, এলাকায় অধিক উন্নয়ন এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য দলের অন্য সংগঠনের পাশাপাশি যুব মহিলাদের সক্রিয়ভাবে ভোটের মাঠে থাকতে হবে।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে সাংসদকন্যা বলেন, তাঁর বাবার (সাংসদ) জন্য প্রচারণায় বাধ্যবাধকতা থাকলেও তাঁর জন্য নেই। দলীয় প্রার্থীর জন্য তিনি মাঠে থাকতেই পারেন।
পৌর যুব মহিলা লীগের সভানেত্রী কাওছার জাহান লিপির সভাপতিত্বে ওই বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।