গুরুদাসপুরে ১৩ বছর পর আ.লীগ একীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ একীভূত হয়েছে। ১৫ আগস্ট উদ্যাপন উপলক্ষে শহরের চাঁচকৈড় বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার এক প্রস্তুতি সভায় সব পক্ষের নেতা-কর্মীরা বিবাদ ভুলে একীভূত হন।
ওই সভায় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা হাত উঁচিয়ে যুদ্ধাপরাধীদের রায় কার্যকরসহ বিএনপি-জামায়াতের আন্দোলন প্রতিহত করার অঙ্গীকার করেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মাস্টার, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আজিজ মাস্টার, সহসভাপতি আবু ইউনুস, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
মো. শাহনেওয়াজ আলী বলেন, এত দিনের বিরোধ ছিল শুধুই ভুল-বোঝাবুঝি। এতে কেবল দলের ক্ষতিই হয়েছে। প্রিয় নেতাকে (সাংসদ কুদ্দুস) দূরে রেখে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আনিসুর রহমান বলেন, ‘আমাদের দ্বিধাবিভক্তির সুযোগে বিএনপি-জামায়াত অনেক সুবিধা ভোগ করেছে। সে সুযোগ আর দেওয়া হবে না।’
সাংসদ আবদুল কুদ্দুস জানান, আওয়ামী লীগের আজকের বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।