গুলশান কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিয়ে আসার পর আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশানে মা খালেদা জিয়ার কার্যালয়ে নেওয়া হবে। ওই কার্যালয়ের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মী ও সাংবাদিকসহ নানা মানুষের ভিড়। ছবি: মনিরুল আলম
ঢাকায় নিয়ে আসার পর আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশানে মা খালেদা জিয়ার কার্যালয়ে নেওয়া হবে। ওই কার্যালয়ের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মী ও সাংবাদিকসহ নানা মানুষের ভিড়। ছবি: মনিরুল আলম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ভেতরে দলীয় নেতা-কর্মী ও সংবাদকর্মীসহ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কার্যালয়ের সামনে বিএনপির কয়েক শ নেতা-কর্মী অবস্থান করছেন। আছেন বিপুলসংখ্যক সংবাদকর্মী।

কার্যালয়ের ভেতরে ঢুকতে না দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কার্যালয়ের ভেতরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও কোকোর স্ত্রীর পক্ষের আত্মীয়-স্বজন ছাড়াও বিএনপির কয়েকজন নারী-কর্মী রয়েছেন। বিমানবন্দর থেকে আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশান কার্যালয়ের ভেতরের একটি কক্ষে রাখা হবে। সেখানেই খালেদা জিয়া ও তঁার পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। কার্যালয়ের বাইরে অবস্থানরত কেউ মরদেহ দেখতে পাবেন না। আজ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্য জানান।    

আরাফাত রহমান কোকোর মরদেহ আজ দুপুরে পৌনে ১২টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছে। বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের প্যাসেঞ্জার সার্ভিস স্পেশালিস্ট মাহমুদুল হাসান হিমেল প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কোকোর মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই বিমানে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দার ও খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী।

গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করবেন বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। মরদেহ সরাসরি গুলশানে নেওয়া হবে। সেখানে কেবল পরিবারের সদস্যরা থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর কোকোর মরদেহ নেওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।