গুলশান কার্যালয়ে গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে গেছেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ফটকে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার মাহবুব হোসেন, এম ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়া গত ১৫ আগস্ট যুক্তরাজ্য সফরে যান। গত শনিবার তিনি দেশে ফেরেন। তিনি না থাকায় এত দিন তাঁর গুলশানের কার্যালয়ে নেতা-কর্মীদের যাতায়াত ছিল না।
গ্রেপ্তারের নিন্দা: বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা সভাপতি আবদুর রহমানসহ সংগঠনের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন খান, মনির আহমেদ, সাগর মাতব্বর, সবুজ মিয়া ও গফরগাঁও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলমকে গ্রেপ্তারেরও নিন্দা জানানো হয়।