গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রামে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে গতকাল বেলা সোয়া ১১টায় প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষাভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে কাজীর দেউড়ির দলীয় কার্যালয় এলাকায় যায়।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের প্রতিবাদ সমাবেশে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি আওয়ামী লীগের অশুভ চক্রান্ত। এটি রাষ্ট্রীয় সন্ত্রাস বলে দাবি করেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন সহায়ক সরকার গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি, ঠিক সেই মুহূর্তে সরকারের এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক। রাজপথের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজানো হবে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। তিনি বলেন, এই সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে নিয়েছে। বিএনপির সঙ্গে চরম অমানবিক আচরণ করা হচ্ছে। দলীয় চেয়ারপারসনের কার্যালয় পর্যন্ত রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে।
সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।