গুলশান-শোলাকিয়ায় হামলা জামায়াতের 'নতুন কৌশল'
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলার ধরন দেখে মনে হচ্ছে, এ ধরনের হামলা জামায়াত-শিবিরের নতুন কৌশল। তবে এ ধরনের হামলা মোকাবিলা করার মতো সক্ষমতা সরকারের রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধী গণবিচার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাজাহান খান এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, দেশে আল–কায়েদা ও আইএস নেই—সরকার এ কথা বারবার বলার পরও একটি আন্তর্জাতিক মহল এর অস্তিত্ব প্রমাণের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আইএস সিরিয়া ও ইরাকে আত্মঘাতী বোমা হামলা ও শিরশ্ছেদ করছে। আর বাংলাদেশের সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করছে। এ হামলার ধরন থেকে মনে হচ্ছে, একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত এ ধরনের হামলা চালাত। জামায়াতের সেই হামলার অনুকরণে তাদের অনুসারীরা এ ধরনের হামলা চালাচ্ছে।
নৌমন্ত্রী শাজাহান খান জঙ্গি অপশক্তিকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এ সংগঠনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ১৯ জুলাই থেকে তিন মাসব্যাপী ঢাকাসহ জেলা পর্যায়ের সব শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।