গুলশানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) এ দেশের জনগণের মা। ব্যবসায়ীরা সব হারিয়ে আজ সর্বস্বান্ত। আপনার অনেক সন্তানের মতো তারাও আপনার সন্তান। তাদের পাশে দাঁড়ান।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ওই মার্কেট পরিদর্শনে গিয়ে এরশাদ এসব কথা বলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘তোমরা ধৈর্য ধারণ করো। কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেবে, সে চিন্তা করো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আহ্বান করছি, আপনি তাদের পাশে দাঁড়ান। আপনার সন্তানেরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।’
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি এস এম ফয়সল চিশতী, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়, খালেদ আখতার প্রমুখ।