গুলশানে নিহতদের স্মরণে চট্টগ্রামে বিএনপির শোক সমাবেশ ও র্যালি

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে শোক র্যালি ও সমাবেশ করেছে নগর বিএনপি। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও আবুল হাশেম।
শাহাদাত হোসেন বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের প্রতিটি মানুষ আতঙ্কে আছে। বিএনপি সরকারের আমলে আবদুর রহমান ও বাংলা ভাইদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জঙ্গি নির্মূল করা হয়েছিল। এখন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়েছে। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বন্দর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন এম এ আজিজ, এস এম সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, শফিকুর রহমান, শাহ আলম, সামশুল আলম, ফাতেমা বাদশা, নবাব খান, জেলি চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে নিহত ব্যক্তিদের স্মরণে একটি শোক র্যালি বের করা হয়। এটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার নাসিমন ভবনের সামনে গিয়ে শেষ হয়।