গুলশানে হামলা জামায়াতের নতুন কৌশল: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গুলশানে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় হামলার ধরন দেখে মনে হচ্ছে, এ ধরনের হামলা জামায়াত-শিবিরের নতুন কৌশল। এ ধরনের হামলা মোকাবিলা করার মতো সক্ষমতা সরকারের রয়েছে।
গতকাল মঙ্গলবার শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধী গণবিচার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে শাজাহান খান এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শাজাহান খান বলেন, বাংলাদেশে আল-কায়েদা ও আইএস নেই, সরকার এ কথা বারবার বলার পরও একটি আন্তর্জাতিক মহল এর অস্তিত্ব প্রমাণের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আইএস সিরিয়া ও ইরাকে আত্মঘাতী বোমা হামলা ও শিরশ্ছেদ করছে। আর বাংলাদেশের সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করছে। একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত এ ধরনের হামলা চালাত। জামায়াতের সেই হামলার অনুকরণে তাদের অনুসারীরা এ ধরনের হামলা চালাচ্ছে।
নৌমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৯ জুলাই থেকে তিন মাসব্যাপী ঢাকাসহ জেলা পর্যায়ের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হবে।