গুলশানের ঘটনায় বিএনপির উদ্বেগ
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই পরিস্থিতি মোকাবিলার জন্য দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি সব সময় বলে এসেছে—দেশ গভীর সংকটকাল অতিক্রম করছে। গত শুক্রবার রাতের ঘটনা সেই গভীর সংকটেরই বহিঃপ্রকাশ। এ ঘটনায় যে বিদেশিদের জিম্মি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবে বলে বিএনপি আশা করে। গুলশানের এলাকাবাসী এবং এই এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি বিএনপি আহবান জানায়।
বিবৃতিতে বিএনপি আশা প্রকাশ করে, ওই এলাকায় বসবাসরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে বলে বিএনপি বিশ্বাস করে।