বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাবেক ও বর্তমান সরকারি কিছু কর্মকর্তা-কর্মচারীর বৈঠক নিয়ে রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ওই বৈঠককে ‘ষড়যন্ত্র’ দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
গতকাল শুক্রবার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে গুলশানের ওই বৈঠকে সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন বলে গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমে খবর বের হয়। তবে এতে কারা এ বৈঠকে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে কারা এখনো কর্মরত আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাবের প্রথম আলোকে বলেন, বৈঠকে কারা অংশ নিয়েছিল, তা অবশ্যই তদন্ত করা হবে। কোন প্রক্রিয়ায় তদন্ত হবে, তা রোববার ঠিক করা হবে।
অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতেই বিবৃতি দিয়ে দাবি করেন, এ ধরনের কোনো বৈঠক হয়নি।
দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বৃহস্পতিবার রাতে বৈঠক হয়েছে বলে স্বীকার করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, ‘সাক্ষাতের বিষয়ে ক্লিয়ার করার কোনো সুযোগ আমার নেই। তবে আমি যেটা বলতে পারি তা হলো বিবেকবান নাগরিক, প্রবীণ নাগরিক, দেশ পরিচালনায় যাঁদের অভিজ্ঞতা এবং সেক্রিফাইস রয়েছে; তাঁরাও আজ উপলব্ধি করেছেন বিরোধীদলীয় নেত্রীর কাছে বলার। যাতে তাঁদের বিবেক যে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, আইনের শাসনের সমাজ চান; সে সমাজে কাজের সে সুযোগ যাতে তাঁরা পান, সে কথা বলার জন্য আমি মনে করি তাঁরা গিয়েছেন।’
এদিকে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা সরকারি কর্মকর্তাদের রোববারের মধ্যেই গ্রেপ্তার করার দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে মেয়র হানিফের স্মরণসভায় তিনি এ দাবি জানান। তিনি একটি বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের প্রধান উসকানিদাতা হিসেবে খালেদা জিয়াকে আসামি করার পরামর্শ দেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল এক আলোচনা সভায় গুলশানের ওই বৈঠককে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন। তিনি বলেন, ওই ষড়যন্ত্রে কারা অংশ নিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।