গুলি করে মেরে ফেলার মানে তদন্ত চায় না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে চলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মওদুদ আহমদ। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘গুলি করে মেরে ফেলার মানে হলো আপনি তদন্ত চান না, সত্যিকার তথ্য বের করতে চান না। এ জন্য মানুষের মনে বিরাট সন্দেহ দেখা দিয়েছে।’
গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘সবচেয়ে রহস্যজনক বা বিস্ময়কর হচ্ছে, আসামিদের ধরে বলা হলো, এরাই হলো মূল হোতা, মাস্টারমাইন্ড। কিন্তু তাদের পেছন দিক থেকে গুলি করে মেরে ফেলার কী অর্থ থাকতে পারে? তাদের যদি জীবিত রাখা যেত, তাহলে অনেক তথ্য পাওয়া যেত।’
বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা সমস্ত তথ্য জোগাড় করতে চান এবং জঙ্গিবাদকে নির্মূল করে দিতে চান। যদি তা-ই হয়, কেন আপনি তাকে গুলি করে মেরে ফেলছেন? আমরাও আসামি ছিলাম, আসামি তো আসামি, আসামিরা নিরুপায়, বন্দী। আসামি কী করে বন্দুকযুদ্ধ করে? বন্দী অবস্থায় তাদের কী করে গুলি করে মেরে ফেলা হয়?’
‘আসামিদের বাঁচিয়ে রাখতে হবে’—এ মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ‘আমি কোনো দিন শুনিনি, পৃথিবীর কোনো দেশে আসামিকে মেরে ফেলা হয়। আসামিকে ধরে বিচার করে তাঁর ফাঁসির ব্যবস্থা করেন। তার মাধ্যমে আপনারা যে নেটওয়ার্কের কথা বলেন, সেগুলো উদ্ঘাটনের ব্যবস্থা করেন।’
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে আমরা বাংলা ভাই, শায়খ আবদুর রহমানসহ ওদের টপ লিডার ছয়জনের বিচার করেছিলাম এবং তাদের মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল। আমরা তাদের বাঁচিয়ে রেখেছিলাম। গুলি করে মেরে ফেলার মানেটা কী? মানে হলো, আপনি তদন্ত চান না এবং সত্যিকার তথ্য বের করতে চান না।’
মন্ত্রিসভা কমিটি কর্তৃক জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, এর চেয়ে নির্লজ্জ, আত্মঘাতী ও হীনম্মন্যতা আর কিছু হতে পারে না।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।