গুলি, বিএনপির মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি ও পুলিশের বাধার কারণে গতকাল রোববার মুন্সিগঞ্জ শহরে জেলা বিএনপি আয়োজিত মিছিল পণ্ড হয়ে গেছে। গুলির ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গুলির ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন জেলা বিএনপির নেতারা। তবে আওয়ামী লীগ বলছে, আন্দোলন জমাতে না পেরে বিএনপিই এ কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকলে সাড়ে পাঁচটার দিকে শহরের সুপার মার্কেটসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। কার্যালয় থেকে সামান্য এগোতেই পুলিশ মিছিলটি আটকে দেয়। প্রায় একই সময়ে বিএনপি কার্যালয়ের সামনে সড়কের উল্টো দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী স্লোগান দিচ্ছিলেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের কারণে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেওয়ার পর বিএনপি কার্যালয়ের উল্টো দিক থেকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর বিএনপির মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়সহ আশপাশে আশ্রয় নেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন অভিযোগ করে, শান্তিপূর্ণ মিছিলে প্রথমে পুলিশ বাধা দেয়। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে গুলি করে। নেতা-কর্মীদের অনেকে আত্মরক্ষার্থে দলীয় কার্যালয়ে, বাকিরা বিভিন্ন স্থানে আশ্রয় নেন। এতে মিছিল পণ্ড হয়ে যায়।
তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, আন্দোলন জমাতে পারছে না বিএনপি। তাই নিজেদের লোকজনই গুলি করে আতঙ্ক সৃষ্টি করে হরতাল ও আন্দোলন জমাতে চাইছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, গুলির ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কেউ জড়িত নন।
এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, হরতালের সমর্থনে মিছিল করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ হস্তক্ষেপ করলে তা ঠিক হয়ে যায়।