কয়েক দিন ধরে দলের শীর্ষস্থানীয় নেতাদের বাসাবাড়ি ও কার্যালয়ে পাল্টা হামলা চিন্তায় ফেলে দিয়েছে বিএনপি নেতাদের। মঙ্গলবার রাতে দলের বৈদেশিক সম্পর্ক বিভাগের গুরুত্বপূর্ণ নেতা রিয়াজ রহমানের ওপর গুলির ঘটনায় দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা—দুটিই বেড়েছে। তবে এত কিছুর পরও বিএনপির শীর্ষ নেতৃত্ব হরতাল-অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলটির নেতারা মনে করছেন, বিএনপির নেতাদের মধ্যে ভীতি ছড়িয়ে দিতে এবং দলের চেয়ারপারসনের সঙ্গে নেতারা যাতে দেখা করার সাহস না পান, সে জন্যই সরকারের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু নেতাকে লক্ষ্য বানানো হয়েছে। এরই অংশ হিসেবে ৬ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরুর পর গত এক সপ্তাহে রাজধানী ঢাকায় বিএনপির অন্তত ১০ জন জ্যেষ্ঠ নেতার বাসা এবং অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গত কয়েক দিনে উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, আবদুল মান্নান এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার ও আবদুল মঈন খানের বাসাবাড়িতে একের পর এক গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া মির্জা আব্বাস ও বরকতউল্লার বসুন্ধরার বাসায় তিন দফায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মির্জা আব্বাসের বাসায় গতকাল রাতেও তল্লাশি চালানো হয়।
তবে কে বা কারা এ হামলা করছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কিছু বলতে পারছে না। যদিও রিয়াজ রহমানের ওপর গুলির পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের উসকানিতে এ হামলা হয়েছে। আর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় গুপ্ত ঘাতকদের নামিয়ে দিয়েছে। এরই নির্মম শিকার রিয়াজ রহমান।
দলীয় সূত্র জানায়, নেতাদের বাসা এবং অফিসে পরপর গুলি ও ককটেল হামলার ঘটনায় বিএনপির নীতিনির্ধারণী মহল উদ্বিগ্ন। দায়িত্বশীল একাধিক নেতা জানান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কূটনীতিক রিয়াজ রহমান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপির কূটনৈতিক শাখাটি কার্যত ভেঙে গেছে। এর আগে কূটনৈতিক শাখার গুরুত্বপূর্ণ নেতা শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ বিভাগের আরেক সক্রিয় নেতা সাবিহ উদ্দিন আহমেদের গাড়িতে আগুন দেওয়ার পর তিনি এখন স্বাভাবিক চলাফেরা করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
দলটির নেতারা মনে করছেন, টানা অবরোধে সরকারের টনক নড়েছে। এখন সরকার ভীতি ও আতঙ্ক ছড়িয়ে আন্দোলন থেকে বিএনপির নেতাদের নিবৃত্ত করার কৌশল নিয়েছে। এ জন্য পরিকল্পিতভাবে দলের নেতাদের ওপর হামলা এবং তাঁদের বাসাবাড়ি, ব্যক্তিগত কার্যালয়ে গুলি ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, রিয়াজ রহমানের ওপর হামলা খালেদা জিয়ার নীলনকশার অংশ।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, তাঁর এ বক্তব্য দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা সরকারে বসেছে। সেটা হাতছাড়া করতে রাজি নয়। এ জন্য যা যা করার দরকার, তারা সব করবে। কিন্তু এখন পরিস্থিতি যা, তাতে বিএনপিরও কিছু করার নেই। আন্দোলন জনগণের হাতে চলে গেছে।