‘গেস্টরুমে’ নির্যাতন বন্ধের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

‘গেস্টরুমে’ নির্যাতন বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ৷ ১৩ মার্চ, রাজু ভাস্কর্য, ঢাবিছবি: সংগৃহীত৷
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ‘গেস্টরুমের’ নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অব্যাহত নির্যাতন ও হলগুলোতে অব্যাহত দখলদারি কায়েমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল৷ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীরবতা ছাত্রলীগকে আরও বেপরোয়া হতে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল৷

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়৷ এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন৷ তিনি বলেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও আজ নিরাপদ পরিবেশ নেই৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয়৷ এ বিশ্ববিদ্যালয়ে আজ নিরাপদ পরিবেশ বিরাজ করছে না৷ সবার প্রতি উদাত্ত আহ্বান, আর পেছনে ফিরে তাকানোর সময় নেই৷ ছাত্রদলের নেতৃত্বে আগামীতে সারা দেশের ছাত্রসমাজ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন৷ তিনি বলেন, মুজিব হলে (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) এক শিক্ষার্থীকে নির্যাতন ও হলছাড়া করেছে ছাত্রলীগ৷ প্রতিটি হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ প্রতিনিয়ত অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় নীরব ভূমিকা পালন করছে৷ কর্তৃপক্ষের এই নীরবতা ছাত্রলীগকে আরও বেপরোয়া হতে উৎসাহিত করছে৷

সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন৷ একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাগুলোরও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা৷

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মামুন খান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, মারুফ এলাহি ও শ্যামল মালুম, বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিরউদ্দিন নাছির, এইচ এম আবু জাফর ও সোহেল রানা প্রমুখ৷