গোটা দেশ আজ মৃত্যুকূপ: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘গোটা দেশ আজ মৃত্যুকূপ। দিনের বেলা প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে। পুলিশকে মেরে ফেলা হচ্ছে আজ।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। চান্দিনা পাইলট মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘আমরা মমত্ববোধ ও সহমর্মিতা হারিয়ে ফেলেছি। আইনের শাসন ও সহমর্মিতা না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। দীপনের বাবার দুঃখ—“বিচার চাই না”। কেননা, উনি জানেন বিচার পাবেন না। এ সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই।’
নিজের রাজনীতি ও ক্ষমতায় যাওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর কী অত্যাচার হয়েছে আমার প্রতি! ইচ্ছে করলে মানুষ মেরে ক্ষমতায় থাকতে পারতাম। আমার কবিমন, আমি তা করিনি। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছি।... জাস্টিস সাহাবুদ্দীন তিন মাসের জন্য ক্ষমতা নিল। সে আমার সঙ্গে বেইমানি করেছে।’