গোপন বৈঠক করে ক্ষমতায় যাওয়া যাবে না: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গোপন বৈঠক, ষড়যন্ত্র কিংবা বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণের ম্যান্ডেটেই ক্ষমতার হস্তান্তর হবে। নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপিকে। এর এক দিন আগেও নির্বাচন হবে না।
গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেন প্রশাসনের সাবেক ও বর্তমান ২৫-৩০ জন কর্মকর্তা। বৈঠকটির প্রসঙ্গ টেনে গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ নাসিম ওই কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম আরও বলেন, চুপিসারে করা ওই বৈঠকে যেসব সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন, তাঁদের শনাক্ত করে অবশ্যই চাকরিচ্যুত করা হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।