গোপনে কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে বরিশাল মহানগর ছাত্রদলের একটি কমিটি গঠন করে তা অনুমোদনের তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হত্যা মামলার আসামি ও বেশি বয়সী লোকজন কমিটিতে নেতৃস্থানীয় পদে ঠাঁই পাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর শাখার সভাপতি মজিবর রহমান সরোয়ার এ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান ওরফে মঞ্জুকে সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে মুন্নাকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের ওই কমিটি করা হয়। পরে তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুপারিশ না থাকায় কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন করেনি।
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে সবার অগোচরে মহানগর ছাত্রদলের কমিটি করার কথা আমার কানেও এসেছে। অভিযোগ পেয়ে এর যথার্থতা জানতে আমি ঢাকায় চলে এসেছি। তবে শুনেছি নেত্রীর সুপারিশ না থাকায় ওই কমিটি অনুমোদন পায়নি।’ তিনি আরও বলেন, ‘তবে এ বিষয়ে আমি সরোয়ার ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম। তিনি অস্বীকার করেছেন। বিস্তারিত জানতে আমি কেন্দ্রীয় কমিটির কাছে যাব। যাঁদের নিয়ে কমিটি গঠনের কথা শোনা যাচ্ছে, তাঁরা আন্দোলন-সংগ্রামে কখনোই থাকেন না।’
বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী আফরোজা খানম নাসরিন বলেন, ‘একটা কমিটি বানিয়ে ঢাকায় পাঠানোর কথা আমিও শুনেছি।’
এ ব্যাপারে মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হোসেন বলেন, নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগর ছাত্রদলের সঙ্গে আলোচনা করেই মজিবর রহমান এটি গঠন করবেন। তবে এরই মধ্যে কমিটি গঠন করে ঢাকায় জমা দেওয়ার খবর তাঁর কাছে নেই বলে জানান আবুল হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে নেতা-কর্মীরা অভিযোগ করেন, আরিফুর রহমান বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ ওরফে জিতু হত্যা মামলার প্রধান আসামি ও একজন মাদক ব্যবসায়ী। আর মশিউর রহমানকে কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। তাঁর বয়সও বেশি। কমপক্ষে ৪০ বছর। এ রকম মাঠে না থাকা নেতা-কর্মীদের নিয়ে কমিটি হলে দলের বিপদে যাঁরা রাস্তায় থাকেন তাঁরা অনুৎসাহিত হয়ে পড়বেন। এতে মুখ থুবড়ে পড়বে সরকারবিরোধী আন্দোলন।
মনোনীত সভাপতি প্রার্থী মশিউর রহমান বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে দলের সব আন্দোলনেই মাঠে ছিলাম। আন্দোলন-সংগ্রামে মাঠে থাকাতেই সরোয়ার ভাই এবং কর্মীদের কাছে আমার বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাই হয়তো আমার নাম উঠে এসেছে। কমিটিতে আমাকে নেওয়া হলে অবশ্যই আমি অর্পিত দায়িত্ব পালন করব।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুর রহমান বলেন, ‘নেতারা আমাকে প্রয়োজন মনে করলে আমার কী করার আছে?’ তিনি আরও বলেন, ‘আমি কোনো দিনই মাদক ব্যবসায় জড়িত ছিলাম না। তবে জিতু হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছিল। সেটি থেকেও অব্যাহতি পেয়েছি। মূলত রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদলের একটি অংশ।’
মজিবর রহমান সরোয়ার বলেন, কমিটি গঠনের প্রক্রিয়া তো চলতেই পারে। আলাপ-আলোচনা চলছে। আলোচনায় মশিউর ও আরিফুর একটু এগিয়ে আছেন।