গোলাম আযমের মতো সিইসিরও বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের ভোটাধিকার ‘কেড়ে নেওয়ার অপরাধে’ যুদ্ধাপরাধী গোলাম আযমের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদেরও একদিন বিচার হবে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় নিজ বাসভবনে পৌর নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘গোলাম আযমের ট্রায়াল (বিচার) যেভাবে হয়েছে, বতর্মান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনেরও ট্রায়াল সেভাবে হবে। কারণ, তিনি জনগণের ভোটাধিকার নষ্ট করেছেন। তাঁর কোনো ক্ষমা নেই। গোলাম আযমের মতো একদিন তাঁকেও জেলে যেতে হবে।’
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর শাখার সহসভাপতি আবু সুফিয়ান, এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কফিল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অলি আহমদ মন্তব্য করেন, ‘একজন মেরুদণ্ডহীন মানুষের কারণে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। শুধু বেতন, পদ ও গাড়ির লোভে তিনি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলেছেন। ভোটের পরিবেশ নষ্ট করে দিয়েছেন। যুদ্ধাপরাধীর চেয়ে তিনিও কম অপরাধী নন। এ জন্য তাঁর ট্রায়াল হবে।’ তিনি বলেন, ‘আজ মানুষের ভোটের অধিকার নেই। লোকজন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এ ধরনের নির্বাচনের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’
গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে অলি আহমদ বলেন, ‘মনজুর আলম সাহেব (বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন) ভদ্রলোক। নির্বাচনের সময় তাঁর ছেলেকে অপহরণ করে তিন দিন আটকে রাখা হয়। এই ভদ্রলোক কোনো প্রতিবাদ না করে ওই দিন সকালে নির্বাচন ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অথচ এত বড় একটি ঘটনা বাংলাদেশের কোনো গণমাধ্যমে জায়গা পায়নি।’
অলি আহমদের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘অলি সাহেব যে কথা বলেছেন, এটি তাঁর রাজনৈতিক বক্তব্য। এ বিষয়ে আমার আর বলার কিছু নেই।’
সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে। এ জন্য তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে। একদিন আওয়ামী লীগকেও জবাব দিতে হবে।’ তিনি বলেন, সৎ ব্যক্তিরা রাজনীতিতে আসবেন—এটা জাতি প্রত্যাশা করে। কিন্তু রাজনীতি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। ভদ্রলোকেরা রাজনীতিতে না এলে দেশের মঙ্গল হবে না।
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সভাপতি নির্বাচনে এলডিপির মেয়র প্রার্থী ছিলেন অলি আহমদের ভাতিজা আইয়ুব কুতুবী। নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। পৌরসভার ১৬টি কেন্দ্রের মধ্যে ১৩টিই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দখলে ছিল বলে অভিযোগ করেন অলি আহমদ। তিনি বলেন, ‘সিইসি সাহেব বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। এটা সত্য কথা। কারণ দিনের বেলায় কোনো ভোট হয়নি। ফজরের আজানের পরপরই ভোটারের উপস্থিতির আগেই ব্যালট পেপার সিল দিয়ে বাক্সভর্তি করেছে সরকারি দলের ক্যাডাররা। এই অনৈতিক কাজে সহযোগিতা করেছেন প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা।’
অলি আহমদ অভিযোগ করেন, চন্দনাইশ পৌরসভার ১৩টি কেন্দ্র দখল করে নৌকায় সিল মারা হয়। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বাক্স ভরা দেখে তিন কেন্দ্রের ভোট স্থগিত করেন। পরে ফলাফলে দেখা গেছে, ১৩টির মধ্যে ১০টিতে এলডিপির প্রার্থী পেয়েছেন মাত্র ৫-৭ শতাংশ ভোট। তাঁর দাবি, যে তিন কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে, সেখানে এলডিপির প্রার্থী প্রদত্ত ভোটের ৬৫ থেকে ৮০ শতাংশ পেয়েছেন।