গৌরীপুরে বিএনপির প্রার্থীরা কোণঠাসা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোণঠাসা অবস্থায় আছেন বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। ৩১ মার্চ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে পরাজয়ের আগাম অজুহাত হিসেবে বিএনপির কিছু প্রার্থী অভিযোগ করতে পারেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার মইলাকান্দা, বোকাইনগর, ডৌহাখলা, অচিন্তপুর, সিধলা ও মাওহা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। তাঁরা বিএনপির সমর্থকদের প্রচারণা না চালাতে হুমকিও দিচ্ছেন। মইলাকান্দা ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান বলেন, ‘প্রতিনিয়ত আমার কর্মীদের হুমকি দিয়ে ঘর থেকে বের না হতে বলা হচ্ছে।’
আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত কুমার রায়ের মুঠোফোনে ফোন করা হলে নাম প্রকাশ না করে সুশান্তের পক্ষের একজন বলেন, ‘নির্বাচনে পরাজয় বুঝতে পেরে এখন মিথ্যা প্রচার করছে বিএনপির লোকেরা।’
বেকাইনগরে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম খানের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের প্রচারণায় বের না হতে হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী মো. হাবিল্লাহ বলেন, এসব মিথ্যা অভিযোগ। ইউএনও মর্জিনা আক্তার বলেন, ‘বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে কিছু অভিযোগ আমরা পেয়েছি। সব অভিযোগের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচন হবে।’