গৌরীপুরে শিক্ষকের নেতৃত্বে চলছে ছাত্রদল
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক শাহাজাহান সিরাজ। ২০০৩ সালে গঠিত কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পাওয়ার পর ২০০৬ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর থেকে দীর্ঘ সময় তাঁর নেতৃত্বেই চলছে গৌরীপুর উপজেলা ছাত্রদল। এ নিয়ে ছাত্রদলের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়। তখন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শাহাজাহান সিরাজকে সভাপতি করা হয়।
২০০৬ সালে তিনি গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে মনোবিজ্ঞান বিভাগে প্রদর্শক হিসেবে যোগ দেন। এরপর দীর্ঘ ১১ বছর ছাত্রদলের সম্মেলন হয়নি। গত বছরের জুলাইয়ে উপজেলা ছাত্রদলের সম্মেলন হলেও কমিটি গঠিত হয়নি। ওই সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা সভাপতি ছাড়া বাকি সব পদ বিলুপ্ত ঘোষণা করেন।
ছাত্রদলের কয়েকজন কর্মী অভিযোগ করেন, গত বছর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের সময় নেতৃত্বের অভাবে ছাত্রদল ভূমিকা রাখতে পারেনি। এ জন্য তাঁরা সভাপতির নেতৃত্বের দুর্বলতাকেই দায়ী করেছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর আন্দোলন চলকালে ছাত্রদলের অনেক নেতা-কর্মী পুলিশ ও ক্ষমতাসীনদের মামলা-হামলার শিকার হয়েছেন। এসব মামলায় অনেকেই জামিনে আছেন, আবার অনেকেই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ওই কর্মীদের সঙ্গে সভাপতির ভালো যোগাযোগ নেই।
তাঁরা জানান, বিএনপির চেয়ারপারসনের নির্দেশে সরকারবিরোধী আন্দোলনে ভালো ভূমিকা রাখার জন্য দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে। তাঁদের অভিযোগ, বর্তমান সভাপতি শিক্ষকতা ও তাঁর ব্যবসা নিয়ে বেশি সময় কাটান। এভাবে আন্দোলন সফল হবে না। দ্রুত নতুন কমিটি গঠন না করা হলে উপজেলায় ছাত্রদলের কর্মীরা মনোবল হারাবেন।
শাহাজাহান সিরাজ বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা আমার জন্যও বিড়ম্বনার। আমি নিজেও জেলা কমিটিকে দ্রুত নতুন কমিটি দেওয়ার জন্য অনুরোধ করে আসছি। আশা করি, খুব দ্রুতই নতুন
কমিটি হবে।’
তিনি আরও বলেন, ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে।
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, ‘কমিটি গঠনের জন্য আলোচনা হচ্ছে। আশা করি, খুব দ্রুত উপজেলা ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে।’