গৌরীপুরে সাংসদের বসানো সিসি ক্যামেরা খুলে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন স্থানে সাংসদ মজিবুর রহমান ফকিরের বসানো ক্লোজড সার্কিট ক্যামেরাগুলো (সিসি-ক্যামেরা) সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে বিভিন্ন স্থানে বসানো আটটি ক্যামেরা খুলে ফেলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, ক্যামেরা অপসারণে পুলিশ ও প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আগেই সাংসদ নিজেই তা খুলে ফেলতে নির্দেশ দেন। এরপর বিকেলের মধ্যেই সব ক্যামেরা খুলে ফেলা হয়।
সাংসদ মজিবুর রহমান গৌরীপুর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, গার্লস স্কুল, মহিলা কলেজ মোড় ও স্থানীয় রাজনীতিতে তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত নিজামউদ্দিন বাবুল, যুবলীগের কেন্দ্রীয় নেতা আবু কাউসার চৌধুরী, সাবেক মেয়র শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান তায়েবুর রহমানের বাসার সামনে সিসি ক্যামেরা বসান। আর কন্ট্রোল রুম করেন শহরে সাংসদের কার্যালয়ে। এ ছাড়া থানায় ক্যামেরা বসানোর জন্য তার টেনে রাখা হয়।
ক্যামেরা বসিয়ে গৌরীপুর শাসন করছেন সাংসদগতকাল সকালে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের বিষয়টি কমিটির একজন সদস্য সভার নজরে আনেন। সেখানে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটিকে জানান।
‘ক্যামেরা বসিয়ে গৌরীপুর শাসন করছেন সাংসদ’ শিরোনামে গতকাল প্রথম আলোকে একটি সংবাদ প্রকাশিত হয়। গতকাল দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ এসব ক্যামেরা খুলে ফেলার জন্য সাংসদের সঙ্গে কথা বলে। পরে বিকেলে সাংসদ নিজেই তাঁর লোকদের ক্যামেরাগুলো খুলে ফেলার নির্দেশ দেন। তাঁর লোকেরাই ক্যামেরা খুলে ফেলেন।
ক্যামেরা খোলার কাজ করছিলেন কলতাপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি নিজেকে ‘ইলেকট্রিশিয়ান’ পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, সন্ধ্যার আগেই সবগুলো ক্যামেরা খুলে ফেলা হয়েছে।