গোটা দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গোটা দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে। যার কারণে সরকার যা ইচ্ছা তা-ই করছে। এখন আগের মতো করতে গেলে সরকারকে ভাবতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘বাজেট ২০১৭-১৮’ শীর্ষক এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
মান্না বলেন, এই বাজেট গণমুখী নয়। এই বাজেট করার কারণে যদি কারও দায় থাকে, তবে তা প্রধানমন্ত্রীর। অর্থমন্ত্রী আর মন্ত্রণালয় শুধু আদেশ পালন করেছে। তিনি বলেন, এই সরকার অনির্বাচিত সরকার। এ কারণে কোনো জবাবদিহি নেই। যার ফলে এ ধরনের বাজেট পেশ করা হয়েছে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এই বাজেট লুটপাটের বাজেট। এর মাধ্যমে সরকার বিভিন্ন জায়গায় তার লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই বাজেটের মাধ্যমে সরকার মানুষকে স্বস্তির বদলে শাস্তি দিয়েছে। তিনি বলেন, সরকার যদি মনে করে ২০১৪ সালে ভোটের দরকার হয়নি, ২০১৮ সালেও ভোটের দরকার হবে না, তাহলে ভুল করবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, অর্থনীতিবিদ আবু নাসের বকতিয়ার, জাহেদুর রহমান প্রমুখ।