গোপন বৈঠক করে ক্ষমতায় যাওয়া যাবে না: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গোপন বৈঠক, ষড়যন্ত্র কিংবা বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। ভোটের মাধ্যমেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা হস্তান্তর হবে।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাসিম এসব কথা বলেন।
সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাবেক ও বর্তমান কয়েকজন সরকারি কর্মকর্তার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘চুপকে চুপকে’ আয়োজন করা ওই বৈঠকে যেসব সরকারি কর্মকর্তা ছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অবশ্যই তাঁদের চাকরিচ্যুত করা হবে।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, পানি ছাড়া যেমন মাছ চলে না, তেমনি রাজনৈতিক দল নির্বাচন ছাড়া চলতে পারে না। আওয়ামী লীগ একমাত্র ১৯৮৮ সালের নির্বাচন ছাড়া সব নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে দলকে অন্ধকারে ঠেলে দিয়েছে। খালেদা জিয়ার সেই ভুলের মাশুল এখন বিএনপিকেই দিতে হচ্ছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বিএনপি থেকেও প্রতিনিধি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনার কথা না মেনে আন্দোলনের দোহাই দিয়ে নির্বাচন বানচালের নামে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যায় মেতে উঠেছিলেন। বিএনপিকে নির্বাচনের জন্য এখন ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২০১৯ সালের এক দিন আগেও দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধু ও শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে মাল্যদান ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।