গোয়ালন্দ পৌর আ.লীগ সভাপতিকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহাবুব রাব্বানীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও। গত শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী বলেন, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন গোলাম মাহাবুব রাব্বানী। এছাড়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না মর্মে শোকজের জবাব দিতে বলা হয়। সন্তোষজনক জবাব দিতে না পারায় শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।