গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাতিল না করলে হরতাল
অবিলম্বে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। এই দাবিতে ১৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করবে সংগঠনটি। এর পরও দাম বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখলে হরতালের কর্মসূচি দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি লিখিত বক্তব্যে এসব বিষয় জানান। তিনি বলেন, দাম বাড়ানোর লক্ষ্যে যদি গণশুনানির আয়োজন করা হয়, তাহলে গণশুনানির সময় বিইআরসির সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ইতিমধ্যে আট দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমানে নবমবারের মতো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোর্চার নেতা সাইফুল হক, সিদ্দিকুর রহমান, মোশরেফা মিশু, বহ্নিশিখা জামালী প্রমুখ।