গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে কঠোর কর্মসূচি: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের দাম আবারও বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলবে, তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। এ ছাড়া কৃষি ও শিল্প উৎপাদনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।
বিএনপির এই নেতা বলেন, ‘আমি দলের পক্ষ থেকে অবিলম্বে তাদের (সরকার) এই গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
রিজভী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তারপরও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যাপ্তি আরও বৃদ্ধি করার জন্য।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের ১০ দিনের রিমান্ডের আবেদনের নিন্দা জানান। তিনি অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের অপশাসন, ভয়াবহ সন্ত্রাস ও দুর্নীতিকে চেপে ধরে রাখার জন্য সরকার শুধু মানুষের কণ্ঠরোধই করছে না, তারা গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। এ জন্য গণমাধ্যম বন্ধ করাসহ সম্পাদক ও সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও দলন-নিপীড়নের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সব গণমাধ্যমকে প্রবল হুমকির মধ্যে রাখা হয়েছে।