গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে কর্মসূচি দেবে বিএনপি
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে বিএনপি। দলটি অবিলম্বে সরকারকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর মতো গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসারও আহ্বান জানিয়েছে।
আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, গণবিরোধী সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে, তারপরও দাম বাড়ানোর কারণ হলো সরকারের দুর্নীতির ব্যাপ্তি আরও বাড়ানো।
বিএনপির এই নেতা বলেন, গ্যাস–বিদ্যুতের দাম বাড়লে মানুষের জীবনযাত্রার ব্যয় অতিমাত্রায় বাড়বে। এতে জনগণকে অতল গহিনে ঠেলে দেওয়া হবে। মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলবে, মানুষ ভয়াবহ দুর্যোগে পড়বে, তাদের জন্য দৈনন্দিন জীবনযাপন আরও কষ্টকর হয়ে পড়বে, কৃষি ও শিল্প খাতেও ব্যাপক প্রভাব পড়বে।
রিজভী বলেন, দেশে মনে হয় সব সময়ের জন্য একটি সান্ধ্য আইন জারি করে রাখা হয়েছে। মানুষের কণ্ঠস্বরকে নির্বাক করার জন্যই সান্ধ্য আইন জারি রাখা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুলিশের কাছে বিলীন করে দেওয়া হয়েছে। এ রাষ্ট্র এখন পুলিশের কর্তৃত্বে। সুতরাং অর্থনীতিকে দেউলিয়া করে জনগণকে চরম দুর্বিপাকে ফেলার পরও কেউ যেন প্রতিবাদী না হতে পারে, তার জন্যই পুলিশকে দেওয়া হয়েছে অপরিসীম ক্ষমতা। পুলিশ–র্যাব এখন বাংলাদেশে হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।