গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘেরাও কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গণবিরোধী বাজেট দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম গণতান্ত্রিক মোর্চা।
আজ বেলা সাড়ে ১১টায় ঘেরাও কর্মসূচির আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন দলগুলোর নেতা-কর্মীরা। এরপর মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সচিবালয়মুখী সড়কের দিকে যান তাঁরা। সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে রাস্তায় অবস্থান নেন তাঁরা। বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা আছে।

সেখানে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতনসহ আরও অনেকে।
সমাবেশে দেওয়া বক্তব্যে জোনায়েদ সাকি সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ আনেন। তিনি বলেন, হাওরের দুর্গত ব্যক্তিদের সরকার নজর রাখছে না। নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা চাপাচ্ছে। ব্যাংকে টাকা রাখলে অতিরিক্ত কর প্রত্যাহারসহ দ্রব্যমূল্য সহনীয় করার দাবি জানান তাঁরা।