গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন।

বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শফিকুর রহমান বিবৃতিতে বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের অর্থনৈতিক দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এ সিদ্ধান্ত দরিদ্র ও সাধারণ জনগণের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা। সরকারের এ অন্যায় সিদ্ধান্তে দেশের গোটা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।

গত বৃহস্পতিবার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হবে।

প্রথম দফায় আগামী ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়বে। অর্থাৎ মার্চ মাসের গ্যাসের বিল দিতে হবে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে। গ্যাসের দাম বাড়ানোর ফলে সার, বিদ্যুৎ ও শিল্পে উৎপাদনের ব্যয় বাড়বে, যার ভার শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপবে।