আবাসিক ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাবকে ‘বেআইনি’ ও ‘চরম খামখেয়ালিপনা’ বলেছে বিএনপি। কোন স্বার্থান্বেষী মহলের সুবিধা প্রাপ্তির জন্য এ প্রস্তাব, তা নিয়ে প্রশ্ন তুলে দলটি অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে নবনিযুক্ত যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন এ দাবি জানান।
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো আবাসিকে এক চুলার গ্যাস বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১০০ টাকা এবং দুই চুলায় ৬৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করে। এ লক্ষ্যে গত সোমবার থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি করছে।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন দাবি করেন, দাম বৃদ্ধির লক্ষ্যে বিইআরসি যে গণশুনানি করছে, তা বেআইনি। কারণ, বিধিবদ্ধ আইনানুযায়ী বিইআরসি এক বছরেরও কম সময়ে গ্যাসের দাম বৃদ্ধির এ প্রস্তাব নিয়ে গণশুনানি করতে পারে না।
বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) অন্যতম। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জিটিসিএল বর্তমানে ৪০০ কোটি টাকা বছরে মুনাফা করছে। এ প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী বছরে চার লাখ টাকা বাড়তি বোনাস নিচ্ছেন। যে প্রতিষ্ঠান তার একজন কর্মজীবীকে এত বড় সুবিধা দিচ্ছে, আমরা মনে করি, বিপুল মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ব্যাংকে তিতাস গ্যাসের এফডিআরের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি টাকার ওপরে। পুঁজিবাজার থেকেও তারা প্রচুর তহবিল সংগ্রহ করেছে। সরকার আবাসিক কাজে নতুন গ্যাসসংযোগ বন্ধ ঘোষণা করেছে। তাহলে কার স্বার্থে এ প্রস্তাব?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।