নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। ফলে বাজারব্যবস্থা, উৎপাদন, বণ্টনসহ সব ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। মানুষের ভোগান্তি আরও বাড়বে।
রোববার এক বিবৃতিতে এই সাবেক ছাত্রনেতারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়েছে। বাসার রান্নায় ব্যবহৃত দুই চুলায় এখন থেকে মাসে ১ হাজার ৮০ টাকা ও এক চুলায় দিতে হবে ৯৯০ টাকা। আর প্রিপেইড মিটারের গ্রাহক প্রতি ইউনিটে (ঘনমিটার) দেবেন ১৮ টাকা, তাঁদের খরচ বাড়বে ৪৩ শতাংশ। জুন মাস থেকে নতুন এ দাম কার্যকর হবে, যা জুলাইয়ে পরিশোধ করবেন গ্রাহকেরা। গ্যাসের নতুন দাম রোববার ঘোষণা করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
পরিবহন খাতে ভাড়া স্থিতিশীল রাখতে গাড়িতে ব্যবহৃত সিএনজির দাম বাড়ানো হয়নি। তবে সবচেয়ে বেশি প্রায় ২৬০ শতাংশ বাড়ানো হয়েছে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। বৃহৎ শিল্পে বেড়েছে প্রায় ১২ শতাংশ।
গ্যাসের মূল্যবৃদ্ধির এই ঘোষণার পর এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বিবৃতিতে বলেন, বেকারত্ব বৃদ্ধি, কর্মহীনতা ও দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে ইতিমধ্যে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে। মানুষ আশা করছিল বাজারমূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখবে। দেশে খাদ্যপণ্য এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিবৃতিতে সই করেন নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই, সুজাউদ্দিন জাফর, সরদার ফারুক, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুমমূনীর, রেজাউল করিম, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন, বদরুল আলম প্রমুখ।