গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গতকাল রোববার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে, সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কেমন কর্মসূচি দেওয়া হবে তা পরে জানানো হবে।
মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, ২০-দলীয় জোট তার তীব্র বিরোধিতা করছে। জোট অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের দুর্নীতির কারণে দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, একটি দেশ সম্পর্কে প্রধানমন্ত্রী যে উক্তি করেছেন তা বাংলাদেশের কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ২০-দলীয় জোট। তাঁরা এ বক্তব্যের নিন্দা জানান।
মির্জা ফখরুল জানান, ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে জনসভা করবে ২০-দলীয় জোট। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদওয়ান আহমদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গুম-খুনের বিচার হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০১৩ সালে যাঁরা গুম-খুন করেছেন, তাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। ’৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো আগামীতে তাঁদেরও বিচার করা হবে।’
গতকাল বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ছাত্রদলের ‘গুম’ হওয়া দুই নেতাকে ফিরে পাওয়ার দাবিতে ওই সভার আয়োজন করে সবুজবাগ থানা শাখা ছাত্রদল। ওই শাখার সভাপতি মাহবুব হাসান এবং ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কাজী ফরহাদ হোসেন গত বছরের ৭ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবার ও ছাত্রদলের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে গিয়েছিলেন।
মির্জা ফখরুল দাবি করেন, শুধু ঢাকা মহানগর থেকে ছাত্রদলের ২৮ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। আর সারা দেশে ৬৫ জনকে গুম এবং ৩১০ জনকে খুন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।