গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক: বিএনপি
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এ মূল্যবৃদ্ধি অত্যন্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা আরেক দফা দুর্ভোগে পড়বে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই প্রতিক্রিয়া জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘গ্যাস খাতে যেখানে সরকারের ভর্তুকি দিতে হয় না এবং লোকসানও নেই; বরং পাঁচ বছরে যেখানে পেট্রোবাংলা ২০ হাজার ৮০ কোটি টাকা লাভ করেছে, সেখানে গৃহস্থালি কাজে এক বার্নার ও দুই বার্নার চুলায় এক
লাফে ২০০ টাকা বৃদ্ধির ঘোষণা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রতি নিদারুণ অবিচার।’ তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও কমে যাওয়ার কথা। কিন্তু তা না করে সরকার উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। আর গ্যাস খাত লাভজনক হওয়া সত্ত্বেও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
২০–দলীয় জোটের নেতাদের সঙ্গে আজ খালেদার বৈঠক: বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, খালেদা জিয়া আজ রোববার রাতে ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন। খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান গতকাল এ কথা বলেন।
শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কাল রাত সাড়ে সাতটায় ২০-দলীয় জোটের বৈঠক হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন নেতা বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের পরবর্তী
করণীয় নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে
কি না, তা স্থির করতে এ বৈঠক ডাকা হয়।