গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনায় জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতীয় পার্টি। দলের কেন্দ্রীয় নেতারা এ সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে বলেন, কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে নেতারা এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ।
সম্মেলনে জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। এ সময় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। দাম বাড়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘রক্তপাত চাননি বলে ১৯৯০ সালে এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে কোনো দলীয়করণ হয়নি। সন্ত্রাস-চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিতে ছিল। প্রশাসনের বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। অথচ আমাদের স্বৈরাচার বলা হয়।’
উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, সাংসদ মাহজাবীন মোরশেদ, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি দক্ষিণ জেলার আহ্বায়ক সামশুল আলম মাস্টার, নগর জাতীয় পার্টির সদস্যসচিব এয়াকুব হোসেন প্রমুখ।