২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নেতারা।
গ্রেনেড হামলার বার্ষিকীতে গতকাল শুক্রবার বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ এবং আন্দরকিল্লার কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করে। মহানগর আওয়ামী লীগের সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
আন্দরকিল্লার দলীয় কার্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। আলোচনায় আরও অংশ নেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, গ্রেনেড হামলার সেই নৃশংস ও বর্বর ঘটনার বিচার এখনো শেষ হয়নি। ২১ আগস্ট ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলা ছিল পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতা।
আলোচনা সভায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল ২১ আগস্ট। হামলাকারীরা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। সেই নৃশংস ঘটনার বিচার শেষ করতে হবে। তিনি বলেন, সব অপচেষ্টা ব্যর্থ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অনুপম সেন বলেন, ‘যাঁরা স্বাধীনতা পক্ষে, জনগণের পক্ষে কাজ করেছিলেন, তাঁদের অনেককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে চূড়ান্ত বিচারে হত্যাকারীরা সফল হয়নি। এসব অপশক্তি এখনো তৎপর আছে। এই অপশক্তির সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এত কিছুর পরও বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার এত বছরেও শেষ না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। হামলাকারী ঘাতকদের বিচার দ্রুত শেষ কারার দাবি জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গতকাল সকালে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে ২১ আগস্ট স্মরণে আলোচনা সভার আয়োজন করে।