সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা এখনো সক্রিয় আছে। আপনারা জনগণকে সঙ্গে নিয়ে শক্তি বাড়ান, তাহলে আমরা ওই অপশক্তির মোকাবিলা করতে পারব।’
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে নেতা-কর্মীদের হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী ওই সব কথা বলেন।
এর আগে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ।
৪০ লাখ টাকা অনুদান: নীলফামারীতে জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত আওয়ামী লীগের চার নেতা-কর্মীর পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি নিহত ব্যক্তিদের মা, বাবা ও স্ত্রীদের কাছে অনুদানের ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।