গ্রেনেড হামলার দশম বার্ষিকীতে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার দশম বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তাঁরা ২০০৪ সালের ভয়াবহ ওই গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং আহতদের সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে একটি শান্তিপূর্ণ নিরাপদ স্বদেশ ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে একুশে আগস্টের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
আজ বিকেল চারটায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের পর একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহতরা সাক্ষাৎ করবেন। সেখানে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সর্বস্তরে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতীম ও সমমনা সংগঠনগুলোর পক্ষ থেকেও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি দেশবাসীকে নিয়ে যথাযথভাবে পালন করার জন্য আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।