গ্রেনেড হামলার বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবিতে গতকাল চট্টগ্রাম নগরে মানববন্ধন করা হয় l প্রথম আলো
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবিতে গতকাল চট্টগ্রাম নগরে মানববন্ধন করা হয় l প্রথম আলো

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবিতে ঢাকায় ঈদের পরে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল রোববার বিকেলে এক মানববন্ধন কমসূচি থেকে তিনি এই ঘোষণা দেন।
চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এই মানববন্ধনে বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। চট্টগ্রাম নগর ১৪ দল এই কর্মসূচির আয়োজন করে। সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচিতে অংশ নেয়।
প্রেসক্লাব চত্বরের মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পার পায়নি। শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরাও পার পেতে পারে না। গ্রেনেড হামলাকারীদের বিচার করতেই হবে। সেদিন যারা গ্রেনেড হামলা করেছিল, সেই খুনি ও জঙ্গিদের খালেদা জিয়া তোষণ করছেন। শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।
মহিউদ্দিন চৌধুরী দলের সাংসদদের উদ্দেশে বলেন, ‘সংসদের ভেতরে একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি তুলুন। আমরা আপনাদের সঙ্গে থাকব। জনগণকে নিয়ে আমরা রাজপথ প্রকম্পিত করব। কোনো খুনি যেন পার পেয়ে যেতে না পারে।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘কোরবানির ঈদের পর ৫০ হাজার মানুষ নিয়ে ঢাকায় যাব। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হবে। চট্টগ্রাম থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে আমরা জমা দেব। আমরা বিলম্ব দেখতে চাই না। আগামী ডিসেম্বরের মধ্যে গ্রেনেড হামলাকারীদের বিচার দেখতে চাই।’
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি আবু হানিফ, গণ-আজাদী লীগের নজরুল ইসলাম, জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাম্যবাদী দলের নেতা অমূল্য বড়ুয়া, মহানগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন প্রমুখ।