২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক কারণে বিএনপিকে দায়ী করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত শামসুজ্জামান দুদুকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান। শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, গ্রেনেড হামলা কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এর জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। কিন্তু সেটা রাজনৈতিকভাবে নয়, ন্যায্যভাবে হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক কারণে ২১ আগস্টের হামলায় বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে। রাজনীতির কারণে তারা (সরকার) এমন সব অদ্ভুত কথা বলছে, যা তারা নিজেরাও বিশ্বাস করে না।
এ সময় সাংবাদিকেরা বিএনপির এক নেতার মেয়েসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে জঙ্গি সংগঠনকে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করার প্রসঙ্গ তোলেন। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সে জন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু মানুষ এসব বিশ্বাস করে না।
শ্রদ্ধা জানানোর সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।