দিনাজপুর শহরের গণেশতলায় বড় জায়গাজুড়ে জেলা বিএনপির কার্যালয়। চলতি বছরের ৫ জানুয়ারির আগ পর্যন্ত নেতা-কর্মীদের পদচারণে গমগম করত। এখন একেবারে বিপরীত চিত্র। প্রধান ফটকে তালা। বাইরে পুলিশের সতর্ক পাহারা।
আশপাশের দোকানদারেরা জানান, মাঝেমধ্যে সন্ধ্যার পর এক-আধ ঘণ্টা বিএনপির কার্যালয় খোলা হয়। দু-চারজন আসেন, কিছুক্ষণ থেকে আবার চলে যান। প্রায়ই পুলিশের একটি গাড়ি কার্যালয়ের সামনে অবস্থান করে।
স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় কার্যালয়ের মতোই নিষ্প্রাণ এখানকার বিএনপির রাজনীতি। নেতা-কর্মীদের বড় অংশ আত্মগোপনে। অনেকে কারাগারে। যাঁরা জামিনে মুক্তি পেয়েছেন, তাঁরাও পুনরায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় চুপচাপ আছেন।
জাতীয়তাবাদী তাঁতি দলের জেলা আহ্বায়ক মো. রেজাউল ইসলাম বলেন, নেতা-কর্মীরা মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির ভয়ে দলীয় কার্যালয়ে আসেন না। ২৪ ঘণ্টা সাদাপোশাকে পুলিশ থাকছে। ১০ জন কর্মী জড়ো হলেই পুলিশের গাড়ি এসে হাজির হয়। তিনি বলেন, বিভিন্ন মামলায় শত শত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাই যে কাউকে ধরে ওই সব মামলায় কারাগারে পাঠাতে পারে পুলিশ।
অবশ্য দিনাজপুর জেলায় বিএনপির নেতা-কর্মীদের মোট কতটি মামলা আছে, তা নিশ্চিত করে বলতে পারেননি দলটির এখানকার নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজনূর রহমান চৌধুরী দাবি করেন, চলতি বছর ৫ জানুয়ারির পর তাঁদের ১০ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে। পরবর্তী সময়ে বেশির ভাগই জামিনে মুক্তি পেয়েছেন। এখন ৬০ থেকে ৭০ জনের মতো কারাগারে আছেন।
বিএনপির একাধিক নেতা বলেন, দলের সভাপতি মো. লুৎফর রহমান সজ্জন ব্যক্তি। তাঁর মতো ব্যক্তির বিরুদ্ধেও সহিংসতার মামলা দেওয়া হয়েছে। ৭৮ দিন জেল খাটতে হয়েছে। তিনি গত ৪ মে জামিনে মুক্তি পান। এরপর ঘর থেকে খুব একটা বের হন না। দলের সাধারণ সম্পাদকও বাসার বাইরে কম যান। পরিস্থিতি খারাপ দেখলে বাসা থেকেও সরে থাকেন।
দলীয় রাজনীতির সার্বিক বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানের সঙ্গে তাঁর বাসায় এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, রাজনীতি নিয়ে তিনি হতাশ। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। বিএনপির প্রায় সকল পর্যায়ের নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। তাঁরা সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারছেন না। বিভিন্ন কর্মসূচি পালনেও পুলিশ বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে ৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করতে পেরেছেন।
অবশ্য নাজনূর রহমান চৌধুরী দাবি করেন, নির্যাতন-নিপীড়নের কারণে দলের প্রতি তাঁদের নেতা-কর্মীদের আনুগত্য আরও বহুগুণ বেড়েছে। কেন্দ্রের ডাক পেলেই তাঁরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।