নাশকতার মামলায় গ্রেপ্তার আতঙ্কে যশোর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম এক মাস ধরে আত্মগোপনে রয়েছেন। এ কারণে তিনি নির্বাচনী গণসংযোগ বা প্রচারে নামতে পারেননি। তবে গতকাল শুক্রবার সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন।
আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কামরুজ্জামান বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।
বিএনপির প্রার্থী ভোটের মাঠে না থাকা প্রসঙ্গে জানতে চাইলে জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘বিএনপির প্রার্থী মেয়র থাকা অবস্থায় যত অনিয়ম করেছেন তাতে এলাকায় ঢুকলে তাঁকে মানুষের কৈফিয়তের মুখোমুখি হতে হবে। এ কারণে তিনি ভোটের মাঠে আসলে আমার কোনো সমস্যা নেই।’
মারুফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমার বিরুদ্ধে ১৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে ১২টি মামলায় জামিন হয়েছে। কিন্তু একটি মামলায় এখনো জামিন হয়নি। ওই মামলায় পুলিশ যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে, এমন শঙ্কায় এলাকায় ফিরতে পারছি না।’
৯ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। জহিরুল ইসলাম চাকলাদার, এস এম কামরুজ্জামান এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, কর্মীসভা করছেন। এদিকে গত বৃহস্পতিবার বিএনপির জেলা কমিটি যশোর প্রেসক্লাব মিলনায়তনে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামার ঘোষণা দেয়। সে অনুয়ায়ী গতকাল শুক্রবার সকাল থেকে বিএনপির প্রার্থী ছাড়াই নেতা-কর্মীরা প্রচার শুরু করেন।
গতকাল সকাল ও দুপুরে পৌরসভার ৩ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মীসভা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শহর কমিটির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রমুখ। এদিকে জহিরুল ইসলাম গতকাল সকালে শহরের পালবাড়ি ও খয়েরতলা এলাকায় জনসংযোগ করেন।
মুনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে দলীয় প্রচার শুরু করেছি। প্রথমে পৌরসভার নয়টি ওয়ার্ডে কর্মীসভা করা হচ্ছে। এসব সভায় কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে। সভা থেকে বিএনপির প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে।’