চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতি: জেলা বিএনপি
গ্রেপ্তার-গুম আতঙ্কে নেতারা আত্মগোপনে, কর্মীরা নিষ্ক্রিয়
গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাদের অনেকেই আত্মগোপনে। একই কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন কর্মীরা। এর মধ্যেও দলে দুটি ধারা সক্রিয় রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
দলটির স্থানীয় একাধিক নেতা অভিযোগ করেন, সরকার একের পর এক মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ঘরছাড়া করেছে। এর মধ্যে উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীকে ৩৪টি মামলায় আসামি করা হয়েছে। তাঁকে গত ৫ জানুয়ারি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ১৬ জুন জামিনে মুক্তি পাওয়ার পর পুলিশ তাঁর বাসায় অভিযান চালায়। এরপর তিনি ঢাকায় গিয়ে আশ্রয় নেন। গত ঈদুল ফিতরের পর তিনি ‘বিশেষ ব্যবস্থায়’ স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু তাহের প্রথম আলোকে বলেন, কারাভোগের কারণে আসলাম চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। শিগগিরই তাঁর দেশ ফেরার কথা রয়েছে।
দলীয় সূত্রগুলো জানায়, আহ্বায়ক আসলাম চৌধুরী গ্রেপ্তার এবং পরে জামিন পাওয়ার পর আত্মগোপনে থেকে দেশের বাইরে চলে যাওয়ায় উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ে। সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান রাউজানের পৌর মেয়র। তিনি হামলা-মামলার ভয়ে অনেকটা নিষ্ক্রিয়।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় দিবস এবং জিয়াউর রহমানের জন্ম ও শাহাদতবার্ষিকীর কর্মসূচি আমরা পালন করতে পেরেছি। তবে সাংগঠনিক কার্যক্রম চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ দলের আহ্বায়ক ৯৩ সদস্যের কমিটির অনেকেই মামলার আসামি। আমার বিরুদ্ধেও দাঙ্গাহাঙ্গামার মামলা দেওয়া হয়েছে।’
অবশ্য দলের স্থানীয় সূত্রগুলো বলছে, গত কয়েক মাসের মধ্যে উত্তর জেলা বিএনপির দৃশ্যমান কর্মসূচি বলতে ছিল গত রমজানে দুটি ইফতার মাহফিল। এর মধ্যে একটির আয়োজক ছিলেন আসলাম চৌধুরী। কিন্তু তিনি নিজে উপস্থিত ছিলেন না। তাতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। অপর ইফতার মাহফিলের আয়োজক ছিলেন জেলা সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান। তাতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে সাতটি উপজেলা—মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপ নিয়ে গঠিত বিএনপির উত্তর জেলা সাংগঠনিক কমিটি। এখানে দলটিতে দীর্ঘদিন ধরে দুটি ধারা চলে আসছে। একটি ধারার নেতৃত্বে আছেন আসলাম চৌধুরী। তিনি আবদুল্লাহ আল নোমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত। অপর ধারার নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তাঁর গ্রুপে আছেন জেলা সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান। গিয়াস কাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।
এই অভ্যন্তরীণ বিরোধের কারণ সম্পর্কে কাজী আবদুল্লাহ আল হাছানের দাবি, আসলাম চৌধুরী বিএনপির আহ্বায়ক হওয়ার পর অরাজনৈতিক ব্যক্তিদের দলে ভেড়াতে চেয়েছিলেন। এ কারণে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করতে চাননি। তাঁরাও সংগঠনের জন্য কাজ করেছেন। রাজনৈতিক ব্যক্তিদের মূল্যায়ন করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা দুঃখজনক।’
কাজী আবদুল্লাহ আল হাছানের বক্তব্যের সঙ্গে দ্বিমত জানান জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন। তিনি বলেন, ‘কাজী আবদুল্লাহ আল হাছান হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘরের লোক। তিনি রাজনীতিতে সেদিন এসেছেন। আর আমি এরশাদবিরোধী আন্দোলনের সময় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। আসলাম চৌধুরী কেবল আমাকে নয়, উত্তর জেলার প্রতিটি উপজেলায় তৃণমূল থেকে উঠে আসা ছাত্র ও যুবদলের নেতাদের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।’
দলের বর্তমান অবস্থা সম্পর্কে আহ্বায়ক কমিটির আরেক সদস্য জসিম উদ্দিন চৌধুরী বলেন, এখন সুস্থ রাজনীতির পরিবেশ নেই। মামলা, হামলা ও গুম হওয়ার আশঙ্কায় বিরোধী দলের নেতা-কর্মীরা কোণঠাসা। পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ এখানে বিএনপির সাংগঠনিক ভিতকে দুর্বল করে দিচ্ছে।