গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ওরসের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপসম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, কেন্দ্রীয় সহসম্পাদক শহীদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইমাদুল হক, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আল মামুন কাওসার বক্তব্য দেন।
হজরত শাহজালালের (রহ.) মাজারে সোমবার রাত থেকে শুরু হয় দুই দিনব্যাপী বার্ষিক ওরস। কয়েক হাজার মাজারভক্ত মানুষের সমাগম হওয়ায় প্রতিবছরের মতো পুলিশ ওরসে পাঁচ স্তরের নিরাপত্তা দেয়। এ নিরাপত্তার মধ্যে গত সোমবার সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুদ কামাল সুফির নেতৃত্বে একদল কর্মী মোটরসাইকেল নিয়ে মাজার এলাকায় যেতে চান। নগরের আম্বরখানা এলাকায় কর্তব্যরত পুলিশের সঙ্গে এ নিয়ে বচসার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ছয় পুলিশ সদস্যসহ ১৬ জন আহত হন।