সিলেটে পুলিশের ওপর হামলার মামলা
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সময় বেঁধে দিল যুবলীগ
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহের বার্ষিক ওরসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে মুক্তি দিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে সিলেট মহানগর যুবলীগ।
গতকাল বৃহস্পতিবার নগরে বিক্ষোভ করে যুবলীগের নেতারা ঘটনাটি ষড়যন্ত্রমূলক দাবি করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
গত সোমবার রাতে পুলিশের ওপর হামলার পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুদ কামালসহ ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরদিন এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরদিন মহানগর ছাত্রলীগ নগরে বিক্ষোভ মিছিল করে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে। গতকাল একইভাবে যুবলীগ বিক্ষোভ মিছিল করে মুক্তির সময়সীমা বেঁধে দেয়।
গতকাল দুপুরে নগরের আম্বরখানা মোড় থেকে যুবলীগের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে নগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবলীগের সাইদুল হক, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে যুবলীগ নেতা আলম খান গ্রেপ্তার ছাত্রলীগের নেতা-কর্মীদের মুক্তি দিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে। আমরা ধৈর্য ধরে ৭২ ঘণ্টা অপেক্ষা করব। এরপর কঠোর কর্মসূচি দিয়ে নেতা-কর্মীদের মুক্তি দিতে বাধ্য করা হবে।’