গ্রেপ্তার–গুম করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিপুণ রায় চৌধুরীর মতো বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে, গুম করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। এত নির্যাতন-নিপীড়নের পরও জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার কর্মীরা ভয় পাননি। এত কিছুর পরও বিএনপি ভাঙেনি, দুর্বলও হয়নি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নিপুণ রায় চৌধুরীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এক সমাবেশে নজরুল ইসলাম খান এ কথা বলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
নিপুণ রায় চৌধুরীকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, নিপুণ রায় চৌধুরীর একটা ছোট মেয়ে আছে। সেই মেয়ের কাছ থেকে তাঁর মাকে দীর্ঘদিন বিচ্ছিন্ন করে রাখা—এটা খুব অমানবিক রাজনীতি।
গত ২৮ মার্চ নিপুণ রায়কে পুলিশ তাঁর বাসা থেকে আটক করে। পরে তাঁকে হাজারীবাগ ও যাত্রাবাড়ী থানার নাশকতার পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নেয় পুলিশ।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমান সরকারকে একটা পুতুল সরকার বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার বারবার একটা কথা মনে হয়, এ দেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না। দেশে একটা পুতুল সরকার বসা আছে। নিজেদের গা বাঁচানোর জন্য একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুতুল সরকার বানিয়ে দেশ পরিচালনা করছে।’
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘এমন কোনো সংস্থা নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো ব্যক্তি নেই, যারা চুরি-ডাকাতি-লুট করেনি। এত খুন, এত লুট, এত গুমেরও বিচার হবে। সে সমস্ত বিচারের ভয়ে আজকে একটা গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রেখেছে।’
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য মীর সরাফত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব–উন–নবী খান, শিরিন সুলতানা, আজিজুল বারী, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, আবদুল কাদির ভূঁইয়া, খন্দকার আবু আশফাক, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।